কক্সবাজার, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আচরণবিধি লঙ্ঘন করায় টেকনাফে পৌর নির্বাচনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসলাম ও তার পাঁচ কর্মীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় টেকনাফের চৌধুরী পাড়ার ওয়াপদা মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়া আসনের সংসদ সদস্য বদির চাচা পৌর নির্বাচনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসলাম শনিবার সন্ধ্যায় ওয়াপদা মাঠে নির্বাচনী সভা করছিলেন। 'পথসভা'র নামে 'জনসভা' করার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নাল আবেদীন ঘটনাস্থলে যান।
ওই সময় আবদুর রহমান সভার ছবি তোলার চেষ্টা করলে সংসদ সদস্য বদির সমর্থকরা তাকে (ম্যাজিস্ট্রেট আবদুর রহমান) লাঞ্ছিত করে।
এরপর আচরণবিধি ভঙ্গের অভিযোগে ম্যাজিস্ট্রেট মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসলামকে ৪০ হাজার টাকা এবং তার পাঁচ কর্মীর প্রত্যেককে আট হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে সাংসদ আবদুর রহমান বদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনী আচরণবিধি ভাঙায় জরিমানা করা হয়েছে। কী করলে আচরণবিধি লঙ্ঘন হয় তা ওরা (মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলামের লোকজন) বুঝতে পারেনি।"
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনম নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পথসভার নামে জনসভা করে আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী ও তার কর্মীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।"
জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাজিস্ট্রেট আবদুর রহমান পরিচয় গোপন করে জনসভার ছবি তুলতে গেলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৪০ ঘ.
bdnews24