২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা হত্যা যুবলীগ নেতাসহ আটক ৫, স্ত্রীর মামলা

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যার ঘটনায় এক যুবলীগ নেতাসহ অন্তত পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যার ঘটনায় এক যুবলীগ নেতাসহ অন্তত পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতে একটি মামলা হয়েছে। এই হত্যার ঘটনার পর শনিবার রাত পৌনে ৮টার দিকে নিহতের স্ত্রী নীলা হক একটি মামরা করেছেন বলে জানান শেরে বাংলা নগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান। মামলায় আসিম হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি। এই ঘটনায় থানা পুলিশ ছাড়াও মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক শুক্রবার দুপুরে আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, ফজলুল মারা গেছেন। এ ঘটনার পর শেরেবাংলা নগর থানার ওসি রিয়াজ আহমেদকে বরখাস্ত করা হয়, বদলি করা হয় তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারকে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলী মিয়াকে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (দক্ষিণ) বদলি করা হয়। তার স্থলে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (পশ্চিম) সেলিম মো. জাহাঙ্গীর। এছাড়া পেট্রল পরিদর্শক (শেরে বাংলা নগর) স্বরোজ কুমার রায়কে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (দক্ষিণ) বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হন পরিদর্শক হাফিজ মাহমুদ। ওসি জিয়াউজ্জামান জানান, মামলা দায়ের না হলেও ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নেমেছে। থানা পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ করছে। গোয়েন্দা পুলিশের উপকমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৮ জানুয়ারি গুলিবিদ্ধ হয়ে আহত আওয়ামী লীগ নেতা হাজী নূর মোহাম্মদের জামাতা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। তিনি বলেন, "তাকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" মাহবুবুর জানান, গোয়েন্দা পুলিশ জাহাঙ্গীর ছাড়া আর কাউকে আটক করেনি। তবে থানা পুলিশ অন্য কাউকে আটক করে থাকতে পারে। পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ পাঁচ/ছয়জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢাকা মহানগর যুবলীগের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ৮ জানুয়ারি গুলিবিদ্ধ হয়ে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪১ নম্বর ওর্য়াড সভাপতি নূর মোহাম্মদ। শুক্রবার সন্ধ্যার পর তাকে কয়েকজন দেখতে যান। তিনি বলেন, "তখন হাসপাতাল এলাকা থেকে রাজু নামে একজন যুবলীগ নেতাসহ কয়েকজনকে আটক করে পুলিশ।" এ ব্যাপারে শেরে বাংলা নগর থানার ওসি জানান, গ্রেপ্তার অভিযানে যে টিম মাঠে কাজ করছে সেই টিম শনিবার সন্ধ্যা পর্যন্ত থানায় আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিডি/২২২৩ ঘ.