মানিকগঞ্জ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটে শরিক হয়ে জাতীয় পার্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শনিবার দুপুরে মানিকগঞ্জে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি বলেন, সারাদেশে আমরা নিয়েছি ২৯টি আর আওয়ামী লীগকে দিয়েছি ২৬৪টি আসন।
মহাজোট সরকার গত নির্বাচনে মহাবিজয় লাভ করেছে মন্তব্য করে সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, "এই বিজয় বা অর্জনকে ধরে রাখতে হলে জনগণের কল্যাণে কাজ করতে হবে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে।"
সিন্ডিকেট প্রথার কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে অভিযোগ করে এরশাদ বলেন, "এই সিন্ডিকেট প্রথা যে কোনো মূল্যে ভাঙতে হবে। এ জন্য প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে।"
জাতীয় পার্টির রাজনীতি জনগণের কল্যাণের রাজনীতি মন্তব্য করে সাবেক এই সেনা শাসক আরো বলেন, "জাতীয় পার্টি আগামী দিনে একক নির্বাচনে যাবার ক্ষমতা অর্জন করবে।"
মানিকগঞ্জের বিজয় মেলা মাঠে দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতা মোস্তফা জামাল হায়দার, গোলাম মোহাম্মদ রাজু, সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, এবিএম আনোয়ারুল হক, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম।
অধিবেশনে সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নানকে সভাপতি, হেজাজুর রহমান বাকু ও নুর কাশেম গোলাপকে সহ-সভাপতি এবং মোয়াজ্জেম হোসেন খান তুষারকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নবম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ একাই পায় ২৩০টি আসন। মহাজোটের শরিক জাতীয় পার্টি ২৭টি, বিএনপি পায় ২৯টি, জাসদ ৩টি এবং ওয়ার্কার্স পার্টি ২টি, জামায়াতে ইসলামে দুটি, এলডিপি একটি, বিজেপি একটি ও স্বতন্ত্র চারটি আসন পায়।
নোয়াখালী-১ আসনের মহাজোট প্রার্থী অগ্নিকাণ্ডে নিহত হওয়ায় স্থগিত করা হয় নির্বাচন। পরে ১১ জানুয়ারি ওই আসনের নির্বাচনে বিএনপি জিতে নেয় আসনটি।
এরপর ২০০৯ সালের মার্চে সংসদের ৪৫টি মহিলা আসনের নির্বাচন হয়। এসময় সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টি পায় বরাদ্দকৃত চারটি আসন। এসময় আওয়ামী লীগ ৩৬টি, বিএনপি পাঁচটি আসন বরাদ্দ পায়।
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একটি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দুটি ও জাপা চেয়ারম্যানের দুটি ছেড়ে দেওয়া আসনের উপ-নির্বাচন হয় একই বছরের ২ এপ্রিল।
এতে জাতীয় পার্টি একটি আসন হারায়। একটি বেড়ে আওয়ামী লীগের আসন হয় উপ-নির্বাচনে চারটি।
পরে পার্টির সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মারা যাওয়ার পর ওই আসনটিও উপ-নির্বাচনে জিতে নেয় আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/আরএ/পিডি/১৯৫৫ ঘ.
bdnews24