২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্যালট বাক্স ছিনতাই হলে অস্ত্র ব্যবহার করতে হবে'

ব্যালট বাক্স ছিনতাইয়ে মতো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে বলেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 02:19 PM

সাভার, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যালট বাক্স ছিনতাইয়ে মতো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হতে বলেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি শনিবার সাভারে এক সভায় বলেন, "চোখের সামনে দিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাবে, আর তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) কাছে থাকা সরকারি অস্ত্র নিয়ে তারা চুপচাপ বসে থাকবে তা হবে না। প্রয়োজনে অস্ত্র ব্যবহার করতে হবে।" সাভার উপজেলা মিলনায়তনে পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সাখাওয়াত আরো বলেন, নির্বাচনী আচরণ বিধি যেই ভঙ্গ করুক তাকে গ্রেপ্তার এমনকি জেল-জরিমানা করা হবে। টাকা দিয়ে ভোট কেনা প্রসঙ্গে তিনি বলেন, "কেউ টাকা বিলি করছে তা হাতে-নাতে ধরতে পারলে আইনের আওতায় এনে তার বিচার করা হবে।" "যে প্রার্থী টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাকে ভোট দেবেন না", ভোটারদের উদ্দেশে বলেন নির্বাচন কমিশনার। ঢাকা বিভাগের অন্য সবগুলোর মতো সাভারে আগামী ১৭ জানুয়ারি পৌর নির্বাচনের ভোটগ্রহণ হবে। সভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারে বাধা, পোস্টার ছিঁড়ে ফেলা, কর্মীদের মারধর, হুমকি ও ভোট কেনাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সাখাওয়াত এ ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। শিল্প কারখানার মালিকদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, "যে সব শ্রমিকরা পৌর এলাকার ভোটার তাদের ভোট দেওয়ার জন্য ছুটি দেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫১৫ ঘ.