২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় দুটি আ.লীগের, একটি স্বতন্ত্র

বরগুনার চার পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

বরগুনা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার চার পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। একটি বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বাকিটিতে মেয়র হয়েছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী। এর মধ্যে আমতলী পৌরসভায় আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মতিয়ার রহমান মেয়র নির্বাচিত হয়েছেন। জাহাজ প্রতীক নিয়ে তিনি চার হাজার ১৯০ ভোট পেয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধিকে জানান। বৃহস্পতিবার রাতে এই ফল ঘোষণা করা হয়। মতিয়ারের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত গাজী সামসুল হক দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন দুই হাজার ৩৯৭ ভোট। বিএনপি সমর্থিত মো. তুহিন মৃধা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৫০৯ ভোট। বরগুনা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. সাহাদাত হোসেন। তিনি তালা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৮৪৮ ভোট। রাত পৌনে ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাহাদাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মো. শাজাহান (আনারস) পেয়েছেন চার হাজার ৫৫৩ ভোট। এখানে মেয়র প্রার্থী ছিলেন পাঁচজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জানান, পাথরঘাটা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মল্লিক মো. আইউব মেয়র নির্বাচিত হয়েছেন। পাথরঘাটার রিটার্নিং কর্মকর্তা সোহরাব হোসেন এই তথ্য জানিয়েছেন। বেতাগীর রিটার্নিং কর্মকর্তা ফিরোজ আহম্মেদ জানান, এই পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত আলতাফ হোসেন বিশ্বাস মেয়র নির্বাচিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.