২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণ ভোট হলো ৭২ পৌরসভায়

কোনো ধরনের গোলযোগ ছাড়াই রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপিও বলেছে, নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো ধরনের গোলযোগ ছাড়াই রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপিও বলেছে, নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ। কনকনে শীতের মধ্যে দেশের উত্তরের দুই বিভাগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ দুই বিভাগের নির্বাচনযোগ্য পৌরসভাগুলোয় মোট ২১ লাখ ২৪ হাজার ৩১ ভোটার রয়েছে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও এ সময়ের মধ্যে যারা কেন্দ্রে এসেছেন, পরে হলেও তারা ভোট দিতে পারবেন বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর অনেক স্থানে ভোট গণনা শুরুও হওয়ার খবরও পাওয়া গেছে। পৌরসভা নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করা হয়নি বলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন নোয়াখালীতে এক সভায় বলেছেন। নির্বাচন কমিশনার এস সাখাওয়াত হোসেন ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, "৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে আমরা ধারণা করছি।" প্রচণ্ড শীতের কারণে ভোট কম পড়েছে বলে বলে তার ধারণা। তবে কোথাও কোনো কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়নি বলে জানান সাখাওয়াত। অন্যদিকে দুপুরে বিএনপি নেতা নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে বলেন, দুপুর পর্যন্ত নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। তবে কয়েকটি স্থানে বিএনপি সমর্থক প্রার্থীদের এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনে কোনো ধরনের সংঘাত না হলেও কয়েকটি স্থানে বিধি ভঙ্গের দায়ে কয়েকজনকে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জে সংসদ সদস্য রোমানা মাহমুদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দেশে সর্বশেষ পৌর নির্বাচন হয়েছিলো ২০০৪ সালের মে মাসে। বছর দুয়েক আগে অধিকাংশ পৌরসভা নির্বাচনের মেয়াদোত্তীর্ণ হয়। এ দফায় পাঁচ দিনে সারাদেশে আড়াই শতাধিক পৌরসভায় নির্বাচন হচ্ছে। ১৩ জানুয়ারি খুলনা ও বরিশাল বিভাগে, ১৭ জানুয়ারি ঢাকা বিভাগে, ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং ২৭ জানুয়ারি বিভিন্ন স্থানে কয়েকটি পৌরসভায় নির্বাচন হবে। ইসি কর্মকর্তারা জানান, গুরুত্বপূর্ণ এলাকা ও ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কোনো ধরনের সহিংসতা ও অনিয়ম রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগে নির্বাচনের তথ্য এ দুই বিভাগের ৭২ পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ৯৯২ পদে প্রতিদ্বন্দ্বী রয়েছে ৪ হাজার ৭২৩ জন। রংপুরের ২৩ পৌরসভায় মেয়র প্রার্থী ১৩১ জন, সংরক্ষিত কাউন্সিলর ৩১৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১০১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব পৌরসভায় মেয়র ছাড়া ২১৯টি সাধারণ ও ৭৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন তারা। এসব পৌরসভায় ৭ লাখ ১৯ হাজার ৪১ জন ভোটারের বিপরীতে ভোট কেন্দ্র ৩৬৩ ও ভোট কক্ষ রয়েছে ২২০১টি। রাজশাহী বিভাগের ৪৯ পৌরসভায় মেয়র পদে ২৩২, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৭৩ ও সাধারণ কাউন্সিলর পদে ২২৬৫ জন প্রার্থী রয়েছে। পৌরসভায় ৪৯ মেয়র, ৪৭১ সাধারণ ও সংরক্ষিত ১৫৭ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। এ বিভাগের পৌরসভাগুলোর ১৪ লাখ ৪ হাজার ৯৯০ ভোটারের বিপরীতে ৭৩২ ভোটকেন্দ্র ও ৪৪২৮টি ভোটকক্ষ রয়েছে। যে সব পৌরসভায় নির্বাচন হয়েছে: রংপুর বিভাগের পঞ্চগড়, লালমনিরহাট, পাটগ্রাম, ঠাকুরগাঁও, রানীশংকৈল, পীরগঞ্জ, নীলফামারী, জলঢাকা, সৈয়দপুর, হারাগাছ, বদরগঞ্জ, কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, দিনাজপুর, সেতাবগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর ও বীরগঞ্জ পৌরসভায় নির্বাচন হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় নির্বাচন হবে ২৭ জানুয়ারি। রাজশাহী বিভাগের ভবানীগঞ্জ, কাটাখালী, গোদাগাড়ী, কাঁকনহাট, তানোর, মুন্ডুমালা, কেশরহাট, দুর্গাপুর, আড়ানী, তাহেরপুর, চারঘাট, চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর, নাচোল, নাটোর, বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর, নলডাঙ্গা, গোপালপুর, জয়পুরহাট, আক্কেলপুর, কালাই, পাঁচবিবি, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, কাজীপুর, শাহজাদপুর, রায়গঞ্জ, বেলকুচি, নওগাঁ, নজীপুর, বগুড়া, শেরপুর, সান্তাহার, শিবগঞ্জ, সারিয়াকান্দি, ধুনট, নন্দীগ্রাম, কাহালু, গাবতলী, পাবনা, ভাঙ্গুরা, ফরিদপুর, সুজানগর, ঈশ্বরদী, চাটমোহর ও সাঁথিয়ায় নির্বাচন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/১৬৩০ ঘ.