২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ৬ খুনিকে এ বছর ফিরিয়ে আনার আশা

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে ২০১১ সালের মধ্যেই দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে ২০১১ সালের মধ্যেই দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার আইন মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার কিছু আসামির অবস্থান শনাক্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "কোন আসামি কোন দেশে রয়েছে তা বলা যাবে না। "আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে এবং যেসব দেশে আসামিরা রয়েছে সেসব দেশ থেকে ভাল সাড়া পাওয়া গেছে। কিছুদিনের মধ্যেই এর একটি ভাল ফলাফল আসবে।" তিনি জানান, আসামিরা যেসব দেশে অবস্থান করছে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আইনী প্রক্রিয়া চালানো হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। বিচারাধীন ও দণ্ডদানার্থে বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে গঠিত আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স এর সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন আইনমন্ত্রী। এখন থেকে প্রতি মাসেই এ টাস্কফোর্সের বৈঠক হবে বলে তিনি জানান। সভায় স্বারষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী , আইন প্রতিমন্ত্রী, স্বারষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব ও অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার চুড়ান্ত বিচারে মৃত্যুদণ্ড পাওয়া ১২ আসামির মধ্যে অবসরপ্রাপ্ত কর্নেল খন্দকার আবদুর রশিদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ এম রাশেদ চৌধুরী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এস এইচ বি এম নূর চৌধুরী, রিসালদার মোসলেমউদ্দিন ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন (অব) আব্দুল মাজেদ পালিয়ে আছেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/এমআই/১৪৫৩ ঘ.