২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তাহেরকে ফাঁসি দিতেই জিয়া ক্যাঙ্গারু আদালত বানায়'

নিজের ক্ষমতা নিষ্কণ্টক করতে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার জন্যই ক্যাঙ্গারু আদালত বানিয়েছিলো- এ কথা বলেছেন ডাকসুর সাবেক ভিপি এবং সামরিক আদালতে গোপন বিচারে খালাসপ্রাপ্ত মাহমুদুর রহমান মান্না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের ক্ষমতা নিষ্কণ্টক করতে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়ার জন্যই ক্যাঙ্গারু আদালত বানিয়েছিলো- এ কথা বলেছেন ডাকসুর সাবেক ভিপি এবং সামরিক আদালতে গোপন বিচারে খালাসপ্রাপ্ত মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, "বিচারে মেজর জলিলকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান বিবেচনায় তার শাস্তি কমিয়ে যাবজ্জীবন করা হয়। কিন্তু তাহেরের মৃত্যুই প্রধান লক্ষ্য ছিলো বলে তার শাস্তি কমানো হয়নি।" "সাজানো ওই বিচারে কেন আমাকে গ্রেপ্তার করা হয়েছিলো, তা আজ পর্যন্ত আমি জানতে পারিনি," বলেন এক সময়ের জাসদ এবং পরে আওয়ামী লীগের নেতা মান্না। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে সামরিক আদালতে তাহেরের বিচারের বৈধতার প্রশ্নে করা আবেদনের শুনানিতে সাক্ষ্য দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান বলেন, "মান্নার বক্তব্য চলাকালে আদালতের দেওয়া পর্যবেক্ষণে বলা হয়, ১৯৭১ সালের জিয়া সন্দেহতীতভাবে মুক্তিযোদ্ধা ছিলেন। তবে ১৯৭৫ সালের পরবর্তী সময়ে তার পাকিস্তানি ভাবধারায় প্রত্যাবর্তনের ঘটনা ভবিষ্যত প্রজন্মের গবেষণার বিষয় হতে পারে।" আদালতে ওই মামলার অপর আসামি সার্জেন্ট রফিকুল ইসলামও বক্তব্য দেন। এছাড়া জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বুধবার আবার সাক্ষ্য দেন। সামরিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের বলেন, কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড ছাড়া অন্যকিছু শুনতে চাননি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। তাহেরের ভাই ও স্ত্রীর রিট আবেদনে গত ২৩ অগাস্ট হাইকোর্ট সামরিক আদালতে তার গোপন বিচারের নথি তলব করে। পাশাপাশি তাহেরের গোপন বিচারের জন্য সামরিক আইনে জারি করা আদেশ ও এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ ২৩ অগাস্টই ওই রিট আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৪৫০ ঘ.