ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা ও তার স্ত্রী খোদেজা রশিদী সুজার সাজার রায় বাতিল করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম এ হাই ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের বেঞ্চ রায় বাতিলে সুজা দম্পতির আপিলে এ আদেশ দেয়।
অবৈধ সম্পদ অর্জন করায় এবং সম্পত্তির মিথ্যা তথ্য দেওয়ায় ২০০৮ সালের ১২ মার্চ বিশেষ জজ আদালত সুজাকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। স্বামীকে সহযোগিতা করায় সুজার স্ত্রী খোদেজা রশিদীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০০৭ সালের ১০ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মনিরুজ্জামান খান বাদি হয়ে সুজা, তার স্ত্রী খোদেজা, দুই কন্যা সানজিদা রশিদী শিম্মী ও তানিজা রশিদী তুর্কীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
এতে বলা হয়, আসামি সুজা কমিশনে দাখিল করা বিবরণীর বাইরে ৭৮ লাখ ৮৫ হাজার টাকর সম্পত্তির তথ্য গোপন করেছেন। এছাড়াও জ্ঞাত আয়বহির্ভূত ভাবে ৪ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৩০৫ টাকার সম্পত্তি অর্জন করেছেন।
অভিযোগপত্র থেকে পরে দুই মেয়ের নাম বাদ দেওয়া হয়।
সুজার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ বাসেত মজুমদার। দুদকের পক্ষে ছিলেন এম এ আজিজ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৪৩৯ ঘ.
bdnews24