২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচনে আইন-শৃঙ্খলায় বরাদ্দ ১৫ কোটি টাকা

পৌর নির্বাচনে আইন-শৃঙ্খলা খাতে প্রায় ১৫ কোটি ২৭ লাখ টাকা অর্থ ছাড় দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 04:20 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনে আইন-শৃঙ্খলা খাতে প্রায় ১৫ কোটি ২৭ লাখ টাকা অর্থ ছাড় দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সশস্ত্র বাহিনী বিভাগের জন্য এখনো বরাদ্দ চাওয়া হয়নি। সোমবার অর্থ বিভাগের সচিব বরাবর ইসি সচিবালয়ের উপ-সচিব (পৌর) সৈয়দ খুরশিদ আনোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে এ অর্থ ছাড়ের অনুরোধ জানিয়েছে ইসি। ইসি'র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা বাবদ পুলিশ, বিডিআর, আনসার, কোস্টগার্ড ও মনিটরিং সেল- এই পাঁচটি খাতে বরাদ্দ চাওয়া হয়েছে।" দেশজুড়ে আড়াই শতাধিক পৌরসভায় ১২ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে নির্বাচন হবে। রংপুর ও রাজশাহী বিভাগে সোমবার থেকে সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইসি'র ওই কর্মকর্তা জানান, সশস্ত্র বাহিনী বিভাগের বরাদ্দ-চাহিদা এখনো কমিশনে আসেনি। সশস্ত্র বাহিনী বিভাগের বরাদ্দ ছাড়াই আইন শৃঙ্খলা খাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩০ কোটি টাকারও বেশি বাজেট প্রস্তাব করেছিল। সোমবার অর্থ বিভাগে পাঠানো চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদার বিপরীতে পাঁচটি খাতে অগ্রিম মোট ১৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ২৬৭ টাকা অর্থ ছাড়ের জন্য বলা হয়। এর মধ্যে বাংলাদেশ পুলিশ খাতে ১১ কোটি, ৫০ লাখ টাকা, বিডিআর খাতে ২৮ লাখ ৭৬ হাজার টাকা, আনসারবাহিনী খাতে ৩ কোটি ৪০ লাখ ৮৪ হাজার ৫৬৭ টাকা, কোস্টগার্ড খাতে ২ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা এবং বাকি অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন মনিটরিং সেল বাবদ ব্যয় খাতে ছাড়ের জন্য অর্থমন্ত্রণালয়ে অনুরোধ জানানো হয়েছে। এর আগে গত ৩ জানুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন সচিবালয়ের অগ্রিম চাহিদার বিপরীতে ১৭ কোটি টাকা ছাড়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে, ভোটের আগে ও পরে চারদিন সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে অর্ধশতাধিক পৌরসভায় সশস্ত্র বাহিনীর সদস্য ও আরো অর্ধশতাধিক পৌরসভায় বিডিআর মোতায়েন থাকবে। নির্বাচনের দুই দিন আগে থেকে ভোটের পর আরো দুই দিন (মোট পাঁচ দিন) বাছাই করা পৌরসভায় এক প্লাটুন করে বিডিআর দায়িত্ব পালন করবে। কোস্টগার্ড থাকবে নির্বাচনের দুইদিন আগে থেকে পরদিন পর্যন্ত মোট চারদিন। দেশের শতাধিক পৌরসভায় সশস্ত্র বাহিনী ও বিডিআর মেতায়েনের পাশাপাশি নির্বাচনী এলাকায় র‌্যাব, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ব্যাটালিয়ন আনসার সদস্য, ভোটকেন্দ্রে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)/সার্জেন্ট/এএসআই/হাবিলদারের নেতৃত্বে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/পিডি/২২২০ ঘ.