২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভাষণে কার্যকর দিক নির্দেশনা নেই: বাম মোর্চা

সরকারের দুই বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর ভাষণে কোনো দিক নির্দেশনা ছিলো না এবং তা জনগণের মধ্যে কোনো আস্থা সৃষ্টি করতে পারেনি বলে দাবি করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের দুই বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর ভাষণে কোনো দিক নির্দেশনা ছিলো না এবং তা জনগণের মধ্যে কোনো আস্থা সৃষ্টি করতে পারেনি বলে দাবি করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন মোর্চার নেতারা। তোপখানা সড়কে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কার্যালয়ে সম্মেলনে এ লিখিত বক্তব্য পড়ে শোনান মোর্চার সমন্বয়ক সাইফুল হক। মহাজোট সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেন। সাইফুল বলেন, "প্রধানমন্ত্রীর ভাষণ জনগণের মধ্যে কোনো আস্থা সৃষ্টি করতে পারেনি। কারণ তার ভাষণে দেশের বর্তমান সঙ্কট ও দুর্ভোগ থেকে বেরিয়ে আসার জন্য কার্যকর কোনো দিক-নির্দেশনা নেই।" সরকারের সমালোচনা করে তিনি বলেন, "নিজেরদের ব্যর্থতা ঢাকতে দুই বছর পর প্রধানমন্ত্রী বিরোধী দলের ওপর দায় চাপিয়ে রেহাই পেতে চাচ্ছেন। পাশাপাশি জনগণকে ধৈর্য ধরার কথা বলেছেন। আমাদের প্রশ্ন, বাকি তিন বছরও কি ধৈর্য ধরার কথা বলে পার করে দেবেন?" সরকারের ভুল পদক্ষেপের কারণে দ্রব্যমূল্য বাড়ছে বলে দাবি করেন সাইফুল। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও নারী নির্যাতন ব্যাপকতা পেয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল বলেন, "গত দুই বছরে দুর্নীতি দমন কমিশন অকার্যকর সংস্থায় পরিণত হয়েছে। মানবাধিকার কমিশন এখনো ক্ষমতাহীন। বিচার বিভাগ কাগজে কলমে স্বাধীন হলেও সরকারের প্রভাবমুক্ত নয়।" সরকার জাতীয় সম্পদ তেল, গ্যাস ও কয়লা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ারও পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। নয়টি রাজনৈতিক দলের জোট গণতান্ত্রিক বাম মোর্চা। এ মোর্চার রাজনৈতিক দলগুলো হলো- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট লীগ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মাহবুব), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (এমএল) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শুভ্রাংশু চক্রবর্তী, জোনায়েদ সাকি, নজরুল ইসলাম, বাবুল বিশ্বাস, মহিউদ্দিন চৌধুরী লিটন, আবু তাহের ও হামিদুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৬২৮ ঘ.