২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাবের কমিটি নিয়ে মামলার শুনানি রোববার

জাতীয় প্রেসক্লাবে নির্বাচনের পর নতুন কমিটির দায়িত্ব গ্রহণের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে আগামী রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবে নির্বাচনের পর নতুন কমিটির দায়িত্ব গ্রহণের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে আগামী রোববার। নির্বাচনের ফল বাতিল চেয়ে পরাজিত প্রার্থী গোলাম সারওয়ার ও সাইফুল আলম বুধবার ঢাকার আদালতে মামলা করলে আদালত নতুন কমিটির দায়িত্ব গ্রহণের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়। দায়িত্ব হস্তান্তরের ওপর কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তার কারণও নতুন কমিটির ১৩ জনকে জানাতে বলা হয়। যদিও আদালতের আদেশের আগেই পুরনো কমিটি দায়িত্ব হস্তান্তর করে। বৃহস্পতিবার বিবাদীদের মধ্যে আট জন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে লিখিত আপত্তি দাখিল করেন এবং নিষেধাজ্ঞার আবেদন খারিজ চান। অন্যদিকে বাদি পক্ষ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করেন। দুই আবেদনের ওপরে শুনানি শেষে অধিকতর শুনানির জন্য ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক শেখ মো. মুজাহিদ উল ইসলাম রোববার দিন ঠিক করেন। শুনানিতে বাদিপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন আহমেদ বলেন, "ক্ষমতা হস্তান্তরের আগেই আদালত হস্তান্তরের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। যা ক্ষমতা হস্তান্তরের সভা অনুষ্ঠিত হওয়ার আগেই নির্বাচন কমিটিকে জানানো হয়।" এর উত্তরে বিবাদীদের আইনজীবী ওসমান গনি বলেন, "আদালতের নিষেধাজ্ঞা আদেশের আগেই ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। সুতরাং আদালতের ওই আদেশ অকার্যকর।" গত ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়। নির্বাচন কমিটি ঘোষিত ফলাফলে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির ১৩টি পদে জয়ী হয় বিএনপি সমর্থক বলে পরিচিত সবুজ-আবদাল প্যানেল। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত সারওয়ার-সাইফুল প্যানেল চারটি সদস্য পদে জয়ী হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সারওয়ার-সাইফুল প্যানেল ফল প্রত্যাখ্যান করে। বিবাদী পক্ষের কৌঁসুলি মাসুদ তালুকদার শুনানিতে বলেন, "নিরপেক্ষ, বিধিসম্মত নির্বাচন অনুষ্ঠানের পর হেরে গিয়ে ভোট গণনায় নাটক সাজানো হয় দাবি করে বাদি পক্ষ এ মামলা করেছেন। নির্বাচনে জিতলে তারা এ কথা তুলতেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭২২ ঘ.