জয়পুরহাট, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটের কালাই পৌরসভায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এক মেয়রপ্রার্থীকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে মেয়রপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ সরদার আচরণবিধির ৬/১ ধারা লঙ্ঘন করে উপজেলা সদরে শোভাযাত্রা করেন।
এতে প্রায় দুশ' লোক অংশ নেয় বলে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আব্দুর রহিম জানান। তিনি এই নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তাও।
ইউএনও জানান, শোভাযাত্রা করার সময় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া আফরিন মেয়রপ্রার্থীকে আটক করেন।
তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন বিচারক।
রিটার্নিং কর্মকর্তা জানান, জরিমানা আদায় করে মেয়রপ্রার্থী মামুনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় মেয়রপ্রার্থীর সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। তারা দাবি করেন উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনকেও ইউএনও'র কার্যালয়ে দেড় ঘণ্টা আটকে রাখা হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, ইউএনও'র ভূমিকা বিতর্কিত। তারা ইউএনও'র অপসারণ দাবি করে।
ইউএনও'র কার্যালয় থেকে মেয়রপ্রার্থী ও উপজেলা চেয়ারম্যান বেরিয়ে আসার পর সদরের বটতলায় প্রতিবাদ সভা করে ইউএনও'র বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণেরও অভিযোগ করা হয়।
সমাবেশে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান ও মেয়রপ্রার্থী মামুনুর রশীদ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম, যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোবিনুল ইসলাম বক্তব্য রাখেন।
ইউএনও আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, "নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট প্রমাণ পেয়ে ওই প্রার্থীকে আটক ও জরিমানা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়নি, গাড়ি করে কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।"
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে সব প্রার্থীর ক্ষেত্রেই একই ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৭ ঘ.
bdnews24