নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি জমির নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের জেরে আওয়ামী লীগ সাংসদ সারাহ্ বেগম কবরী ও শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশের সমর্থকরা পাল্টাপাল্টি সভা করেছে। দু'পক্ষ পৃথক তিনটি মামলাও করেছে।
বুধবার বিকালে ফতুল্লায় পলাশের এবং আলীগঞ্জে কবরীর সমর্থকরা পৃথক সভা করে।
পলাশের সভায় সারাহ্ বেগম কবরীর ব্যক্তিগত সহাকারী (পিএস) সিরাজুল ইসলাম সেন্টুকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি এবং সংশোধন হওয়ার জন্য কবরীকে সাতদিন সময় বেঁধে দেওয়া হয়।
কবরী সমর্থকদের সভায় কাউসার আহমেদ পলাশকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এছাড়া মঙ্গলবারের হামলা, ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনায় কবরী সমর্থকরা ফতুল্লা থানায় দু'টি মামলা করেছে। অপরদিকে কাউসার আহমেদ পলাশ আদালতে একটি আবেদন করেছেন।
মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপলোর ফতুল্লার আলীগঞ্জে বিরোধপূর্ণ একটি সরকারি জমির নিয়ন্ত্রণ নিয়ে কবরী ও পলাশ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ভাংচুর, সড়ক অবরোধ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় আহত ১০ জন প্রাথমিক চিকিৎসা নেন।
বিকালে ফতুল্লার আলীগঞ্জ মাঠে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখা সভাপতি কাউসার আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ছাত্রলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জিএম আরাফাত, শ্রমিক লীগ নেতা হুমায়ুন কবির, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসীমউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শ্যামপুরে 'দৌড় সালাউদ্দিন' নামে পরিচিত এক বিএনপি নেতার এক সময়ের সন্ত্রাসী সিরাজুল ইসলাম সেন্টু এখন আওয়ামী লীগ সাংসদ কবরীর পিএস হয়ে ফতুল্লায় ত্রাস চালাচ্ছেন।
সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখলসহ একাধিক ঘটনা ঘটালেও তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
মঙ্গলবার সেন্টু পুলিশের সামনেই শ্রমিকদের উপর গুলিবর্ষণ করেন বলে বক্তারা দাবি করেন।
তারা সেন্টুকে ফতুল্লায় নিষিদ্ধ ঘোষণা করে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
সভায় কাউসার আহমেদ পলাশ বলেন, "সাতদিনের মধ্যে কবরী সংশোধিত না হলে ফতুল্লাবাসী তার অপকর্মের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবে।
"৪৮ ঘণ্টার মধ্যে সেন্টুকে গ্রেপ্তার করলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।"
এদিকে ফতুল্লার ডিআইটি মাঠে সারাহ্ বেগম কবরীর সমর্থকদের সমাবেশে বক্তব্য রাখেন- সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সালাউদ্দিন, আব্দুল আউয়াল, থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, ছাত্রলীগ নেতা আলমগীর প্রমুখ।
বক্তারা কবরীর গাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ এনে তার তীব্র নিন্দা এবং কাউসার আহমেদ পলাশসহ জড়িতদের গ্রেপ্তার দাবি করেন।
মঙ্গলবারের হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ওইদিন রাতে কবরী সমর্থক ডা. হেলাল ও সেলিম রেজা বাদী হয়ে ফতুল্লা থানায় দু'টি মামলা করেছেন।
ওই দুই মামলাতেই পলাশসহ ৩০/৪০ জনকে আসামি করা হয়। পলাশকে করা হয় হুকুমের আসমি।
এদিকে বুধবার কাউসার আহমেদ পলাশ বাদী হয়ে কবরীর পিএস সিরাজুল ইসলাম সেন্টুসহ নয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৬০/৭০ জনকে আসামি করে আদালতে একটি আবেদন করেছেন।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আমিনুল ইসলাম বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য ফতুল্লা মডেল থানার ওসিকে নির্দেশ দেন।
মামলায় নাম দেওয়া আসমিরা হলেন- সারাহ্ বেগম কবরীর পিএস সিরাজুল সেন্টু, ডা. হেলাল, মুরাদ, সেলিম, আলী হোসেন, রুবেল, ইউনুস, মোহাম্মদ ও মাহাবুব।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) রিয়াজুল কবির বলেন, শ্রমিক লীগ নেতা কাউসার আহম্মেদ পলাশ আদালতে মামলা করেছেন বলে শুনেছেন। আদালতের আদেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বলেন, মঙ্গলবার রাতে কাউসার আহম্মেদ পলাশকে অভিযুক্ত করে দু'টি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24