ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার উদযাপিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের।
উদ্বোধনী বক্তব্যে তিনি ছাত্রসংগঠনগুলোর বর্তমান বিশৃঙ্খল অবস্থার জন্য দীর্ঘদিন ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ নির্বাচন না হওয়াকে দায়ী করেন।
ওবায়দুল কাদের বলেন, "২০বছর ধরে ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন হয় না। এভাবে ছাত্র সংসদগুলোর নির্বাচন না দিলে ছাত্র সংগঠনগুলো অস্থিতিশীল কর্মকাণ্ড করার সুযোগ পায়।"
অবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে ছাত্র রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে ঢাবি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে অস্ত্র-বোমার পরিবর্তে বই-খাতা-কলম তুলে দিয়েছেন মন্তব্য করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, নিয়মিত ছাত্রদের হাতে এই সংগঠনের নেতৃত্ব তুলে দিতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী ও আহম্মদ হোসেন, সাবেক সভাপতি সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাংসদ নজরুল ইসলাম বাবু, সংগঠনের বর্তমান সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ।
এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অপরাজেয় বাংলা থেকে বের হয়ে শাহবাগ-পল্টন হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।
এতে ছাত্রলীগ ঢাবি, ঢাকা মহানগর, ঢাকা জেলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য শাখার নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে মঙ্গলবার প্রথম প্রহরে ঢাবি'র কার্জন হল প্রাঙ্গণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়।
সকাল ৮ টায় ধানমণ্ডির ৩২নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে অপরাজেয় বাংলার সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের ধানমণ্ডি থানার নেতা নাজিম উদ্দিন বাবু ঘুষি মেরে ঢাকা কলেজ শাখার কর্মী শামীমের নাক ফাটিয়ে দেন।
এর প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা শোভাযাত্রা বর্জন করে তাদের ক্যাম্পাসে ফিরে যায়।
এছাড়া শোভাযাত্রায় অংশ নেয়ার আগে ট্রাকের ওপর নৃত্যরত ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ কর্মীদের উত্ত্যক্ত করে সংগঠনের অন্য শাখার কর্মীরা।
এসময় তাদের লক্ষ্য করে ঢিল, পানির বোতল, সিগারেটের প্যাকেট নিক্ষেপের ঘটনাও ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন এসে পরিস্থিতি শান্তকরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২০১০ ঘ.
bdnews24