ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
আসামি পক্ষের আবেদনে মঙ্গলবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজ্জামেল হোসেন আগামী ১ ফেব্র"য়ারি শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন।
রোববার এ মামলায় সাঈদী হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান। মঙ্গলবার শুনানির ধার্য দিনে সাঈদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
গত বছরের ১৯ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মাসুমা খাতুন।
মামলায় বলা হয়, সাঈদী ২০০২ থেকে ২০১০ পর্যন্ত করবর্ষে সাঈদী ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকার কর ফাঁকি দিয়েছেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামায়াতের নায়েবে আমির সাঈদীকে গত ৩০ জুন গ্রেপ্তার করা হয়। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৩২ ঘ.
bdnews24