ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের অভিযোগে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিচার এ মামলার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে।
মঙ্গলবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. আবু সাঈদের সাক্ষ্য নেন।
মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে ২৩ জনকে।
সাবেক নৌমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মনও এ মামলায় আসামি। তিনি বর্তমানে পলাতক।
গত বছরের ৩০ নভেম্বর এ মামলায় দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের এ দিন ধার্য করেন একই বিচারক।
এ মামলায় কোকোর বিরুদ্ধে গত ৩১ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যদিও কোকো এখনো থাইল্যান্ডে রয়েছেন।
এ মামলায় গত বছরের ১২ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কোকো ও সায়মনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
কমিশনের দায়ের করা ওই মামলায় কোকোর বিরুদ্ধে ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুরি ডলার এবং ৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে।
মামলায় বলা হয়, সিঙ্গাপুরের ব্যাংকে কোকোর হিসাবে বাংলাদেশের কয়েকটি অবকাঠামো প্রকল্পের কাজ পাওয়ার জন্য বিদেশি কোম্পানির ঘুষের টাকা জমা হয়েছিলো।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় কোকো ও সায়মনকে সর্বোচ্চ সাত বছর কারাভোগ করতে হবে।
দুর্নীতি দমন কমিশন গত ১৭ মার্চ কাফরুল থানায় কোকোর বিরুদ্ধে এ মামলা দায়ের করে।
কোকোকে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়াচ্ছিলেন কোকো। তবে গত ১৯ অগাস্ট পারোল বাতিল করে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪৩০ ঘ.
bdnews24