২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় পরিচয় বিচার না করে ব্যবস্থা নিন, পুলিশকে হাসিনা

দলীয় পরিচয় বিবেচনা না করে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 06:27 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় পরিচয় বিবেচনা না করে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ষড়যন্ত্র হতে পারে- এ আশঙ্কার কথা জানিয়ে পুলিশকে সতর্ক থাকতেও বলেছেন তিনি। প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, কোনো ধরনের ভয়ভীতি, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে দেশের বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। পৃথিবীর সব সমাজেই ভালো-মন্দ দুই ধরনের মানুষ আছে। সে জন্য 'দুষ্টের দমন ও শিষ্টের লালন' পুলিশ বাহিনী সদস্যদের প্রধান দায়িত্ব। আইনের যথাযথ প্রয়োগ হলে সমাজ থেকে অপরাধ প্রবণতা কমতে বাধ্য, বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন ভঙ্গকারী সামাজিকভাবে যত শক্তিশালী হোক না কেন, তাকে বুঝতে দিতে হবে- আইন ভাঙ্গলে শাস্তি পেতে হবে। এক্ষেত্রে কে কোন দলের, তা বিবেচনা করা যাবে না।" সকালে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইন মাঠে উপস্থিত হলে সেখানে অপেক্ষমান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) শহিদুল হক তাকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও পুলিশ সদস্যদের সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে পেশাদারিত্ব, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন বলেন, এতে সবার কাছে পুলিশের ভূমিকা প্রশংশিত হয়েছে। মামলার তদন্তের মানোন্নয়নের লক্ষ্যে পুলিশ সদস্যদের নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ ও প্রযুক্ত-নির্ভর তদন্ত ইউনিট গঠনে সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, "এ তদন্ত ইউনিটের সদস্যরা দেশের সব গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত করবে। প্রতি জেলায় একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এ ইউনিটের সদস্যগণ দায়িত্ব পালন করবেন। তাদের আধুনিক তদন্ত কৌশলের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।" আগামী এক বছরের মধ্যে এই ইউনিট কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, "আমাদের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার যুদ্ধাপরাধীর বিচার কাজ সমাপ্ত করা। এ বিচার কাজ শুরু হয়েছে। এ কাজে কোনো মহল যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে দিকে আপনাদের সর্তক দৃষ্টি রাখতে হবে।" সেবাপ্রত্যাশী মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সেদিকে দৃষ্টি রাখতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। পুলিশের চাকরি দ্বিতীয় শ্রেণীকে প্রথম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীকে দ্বিতীয় শ্রেণী মর্যাদায় উন্নীত করার দাবি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পুলিশের নানাবিধ সমস্যা সমাধানে সরকার আন্তরিক। ইতোমধ্যে কনস্টেবলদের টাইমস্কেল জটিলতা দূর করা হয়েছে। পুলিশের আরো ৩২ হাজার ক্যাডার এবং নন ক্যাডার পদ সৃষ্টির নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিল্প পুলিশ গঠনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পর্যটন পুলিশ, নৌপুলিশ, সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটেলিয়ন এবং জঙ্গি দমনে পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম গঠনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশ পদকপ্রাপ্ত ৩২ জনকে পদক পরিয়ে দেন। বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম (সাহসিকতা) দুই জন, বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম (সেবা) পাঁচ জন, রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম (সাহসিকতা) ১৫ জন, রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম (সেবা) ১০ জন তা পেয়েছেন। পুলিশ সপ্তাহের এ অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/এমআই/১৭৫৫ ঘ.