২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামেকে ছাত্রলীগের কোন্দলে আহত ৩

রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) সরকার সমর্থক ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 04:39 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

রাজশাহী, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) সরকার সমর্থক ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছে। সোমবার রাতে শহীদ মইনুল আহসান পিংকু হোস্টেলের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন- এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র অনুপ সরকার অপু, আবদুর রহিম রাসেল ও রকিবুজ্জামান জনি। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় রামেক শাখা ছাত্রলীগের সভাপতি সম্পদ কুমার দত্ত ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে সোমবার রাত ৯টার দিকে রামেকের বন্ধ গেট এলাকায় সম্পদ কুমারের সমর্থকরা আশিকুরের সমর্থক অপু, রাসেল ও জনির ওপর হামলা চালায় বলে শিক্ষার্থীরা জানিয়েছে। রকিবুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চায়ের দোকানে বসেছিলাম। এ সময় রোকন ও তার সঙ্গীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।" এ বিষয়ে রাজপাড়া থানার ওসি শহিদুল হক বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দালের জের ধরে ওই ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১০৩০ ঘ.