সিরাজগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু স্থায়ী জামিন পেয়েছেন।
এছাড়া একই ঘটনায় করা অপর তিনটি মামলায় কারাবন্দী ৬০ বিএনপি নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।
সোমবার সিরাজগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের পৃথক দু'টি আদালতে এ দু'টি আদেশ হয়।
গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়ার সয়দাবাদ রেলক্রসিংয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে সাতজন মারা যায়। এরপর বিক্ষুদ্ধ জনতা ট্রেনের দুই চালক ও গার্ডকে মারধর করে এবং ট্রেনের বিভিন্ন বগিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে।
এ ঘটনায় জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সহকরী সরকারি কৌঁসুলি (এপিপি) গোলাম হায়দার বাদী হয়ে ১৭ অক্টোবর বিএনপি ও ছাত্রদলের আট নেতা বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
সকালে নজরুল ইসলাম ও টুকু সকালে মুখ্য বিচার বিভাগীয় হাকিম জোয়ার্দ্দার মো. আমিরুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আদেশ দেন।
আদালত উপ-পরিদর্শক (এসআই) নুর-ই-আলম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের জামিনের আদেশ বহাল রেখে প্রত্যেককে ২০ হাজার টাকা জামানতে স্থায়ী জামিন দেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ অক্টোবর এ দু'জনসহ বিএনপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে ছয় মাসের আগাম অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট।
একই ঘটনায় র্যাব, দমকল বাহনী ও পুলিশের করা পৃথক তিনটি মামলায় সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কারাবন্দী ৬০ নেতাকর্মীকে বিচার বিভাগীয় হাকিম হাছান মাহমুদুল ইসলামের আদালতে হাজির করা হয়।
জামিন আবেদনের শুনানি শেষে বিচারক তাদের আবেদন নাকচ করে আগামী ৯ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আদালত উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম সোহেল বিষয়টি নিশ্চিত করেন।
১১ অক্টোবর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় পৃথক আটটি মামলা দায়ের হয়। এ সব মামলায় এ পর্যন্ত ৮৩ জনকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রশাসন ও রেলবিভাগ এঘটনায় দু'টি তদন্ত কমিটি গঠন করে। ওই দুই কমিটি ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগে তাদের প্রতিবেদন দাখিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24