২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি পাটকলে ধর্মঘট করছে না শ্রমিক লীগ

নতুন মজুরির দাবিতে ডাকা ধর্মঘট মহার্ঘ্য ভাতার আশ্বাসের প্রেক্ষিতে স্থগিত করেছে বাংলাদেশ ব্যক্তি-মালিকানা পাট, সূতা (টোয়াইন) সিবিএ নন-সিবিএ শ্রমিক লীগ সমন্বয় পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মজুরির দাবিতে ডাকা ধর্মঘট মহার্ঘ্য ভাতার আশ্বাসের প্রেক্ষিতে স্থগিত করেছে বাংলাদেশ ব্যক্তি-মালিকানা পাট, সূতা (টোয়াইন) সিবিএ নন-সিবিএ শ্রমিক লীগ সমন্বয় পরিষদ। শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার অনুষ্ঠিত সমন্বয় পরিষদের বৈঠক শেষে নেতারা এ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। মালিকদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় এ বৈঠকে শ্রম সচিব নূরুল হক উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে সারাদেশে সব ব্যক্তি-মালিকানা পাট ও সুতাকলে সমন্বয় পরিষদ ধর্মঘট ডাকে গত ডিসেম্বর মাসে। বৈঠকে শ্রমিক নেতারা সরকারি পাটকলের বেতন ভাতার সঙ্গে ব্যক্তি-মালিকানার পাটকলের শ্রমিদের মজুরি বৈষম্য তুলে ধরেন। তারা জানান, সরকারি পাটকলের শ্রমিকরা ২০০৬ সালের ঘোষিত কাঠামো অনুযায়ী বর্তমানে দুই হাজার ৪৫০ টাকা মজুরি পাচ্ছে। এদের জন্য নতুন করে মজুরি কমিশনও ঘোষণা করা হয়েছে। অথচ বেসরকারি ও ব্যক্তি-মালিকানার পাট ও সুতাকলের শ্রমিকদের ন্যুনতম মজুরি এখনো ৫৬০ টাকা। শ্রমিক নেতারা বর্তমান বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে নতুন নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা এবং বর্তমানে বিরজামান মজুরি বৈষম্য দূর করতে মালিকদের উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠক করে অন্তবর্তীকালীন সময়ের জন্য মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবি জানান। প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, ব্যক্তি-মালিকানা পাটকল শ্রমিকদের নিম্নতম মজুরি কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ছয় মাসের জন্য গঠিত এ বোর্ড আগামী ৩০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করবে। কার্যক্রম শুরুর পরবর্তী চারমাসের মধ্যে বোর্ড নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৩০ ঘ.