২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউখালীতে মঙ্গলবার হরতাল

পিরোজপুরে ছাত্রদল নেতা তারিফুল ইসলাম অনু হত্যার প্রতিবাদে মঙ্গলবার কাউখালী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

পিরোজপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে ছাত্রদল নেতা তারিফুল ইসলাম অনু হত্যার প্রতিবাদে মঙ্গলবার কাউখালী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি। এছাড়া কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার নাগরিক শোকসভাও হবে। কাউখালী উপজেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক অনু (৩২) শনিবার দুর্বৃত্তের হাতে খুন হন। রোববার বিকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা বন্দরে অনু'র মরদেহ নিয়ে মিছিল ও সমাবেশ শেষে এই কর্মসূচি ঘোষণা করে। বন্দরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক গাজী নুরুজ্জামান বাবুল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আহসানুল কবির, কেন্দ্রীয় যুবদল সদস্য দীন মোহাম্মদ প্রমুখ। সমাবেশে বক্তারা খুনিদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির দাবি করেন। আলমগীর হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাশ নিয়ে মিছিল করতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। তারপরও মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ আমাদের উপর হামলা চালায়।" ওসি রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেন, মিছিল করতে চাইলে তাদের নিষেধ করা হয়। কিন্তু তারা বাধা উপেক্ষা করে মিছিল করেছে। উপজেলা বন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিকালে উপজেলা বন্দরের প্রধান কবরস্থানে অনুর লাশ দাফন করা হয়েছে। শনিবার বিকালে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে কাউখালী বন্দরে বাড়ি ফেরার পথে অপহরণ করে পাঙ্গাসিয়া গ্রামে নিয়ে অনুকে লোহা ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। তাকে স্থানীয় সন্ত্রাসী কানা সেলিম অপহরণ করেছিল বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯৪১ ঘ.