ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে করা মামলাটিতে সরকার অনুমোদন না দেওয়ায় তা প্রত্যাহার করে নিয়েছেন মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান।
শরীয়তপুরের সিদ্দিকুর তার আইনজীবী প্রামানিক আবদুর রবের মাধ্যমে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক রোখসানা বেগম হ্যাপীর আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।
সাদেক হোসেন খোকা গত ২৭ মার্চ মহানগর নাট্য মঞ্চে বিএনপির তৃনমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলে অভিহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে সিদ্দিকুর রহমান ৮ এপ্রিল এ মামলা দায়ের করেন।
শুনানিতে বিচারক আইনজীবীর উদ্দেশ্যে বলেন, "রাষ্ট্রদ্রোহিতার মামলার সরকারি অনুমোদন পাননি। অথচ মামলা দায়ের করেছেন। টাকা পেলেই মামলা দায়ের করতে হবে-এ বিষয়টি ঠিক নয়। আপনি আদালতের মূল্যবান সময় নষ্ট করেছেন।"
মামলা দায়েরের পর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শাহাদাৎ হোসেন অভিযোগটি রাষ্ট্রদ্রোহিতা হওয়ার কারণে বিষয়টিতে সরকারি অনুমোদন আছে কিনা তা জানানোর জন্য পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন।
আদেশে বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদন্ত পূর্বক অনুমোদন আছে কিনা সে বিষয়ে ৬ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হোক।
কিন্তু মামলাটিতে সরকারের অনুমোদন সম্পর্কিত কোন প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৫৩৫ ঘ.
bdnews24