২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুতের চার সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 09:48 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে রাজধানীর দক্ষিণ খান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে র‌্যাব সোমবার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানায়। র‌্যাব জানায়, তাদের কাছ থেকে বেশ কিছু জেহাদী বই উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মো.হোসেন রনি (২১), কাজি রাশেদুল হক রাজিব (১৮), সবুজ ওরফে বাব (১৮) এবং মো. হারেস (২১)। র‌্যাব-১ এর পরিচালক লে: কর্ণেল রাশিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ খান থানা এলাকার শাহজালাল ইসলামি ব্যাংকের কাছে র‌্যাব সদস্যদের দেখে চার যুবক দৌড় দেয়। পরে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদে তারা হিযবুত তাহরীর সদস্য বলে জানায়। পরে ব্যাংকের পেছনের গলিতে রণি নামের একজনের বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু জেহাদী বই, খিলাফত ট্রাষ্ট নামের একটি সংগঠনের সংবিধানের খসড়া উদ্ধার করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, "গ্রেপ্তারকৃত মো. হোসেন রণি ও কাজি রাশেদুল হক রাজিব টঙ্গী সরকারি কলেজের ছাত্র। অন্য দুইজন দিনশ্রমিক।" এই প্রথম হিযবুত তাহরীর-এর কোনো দিনশ্রমিক সদস্যকে গ্রেপ্তার করা হলো উল্লেখ করে লে: কর্ণেল রাশিদুল আলম জানান, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে হিযবুত তাহরীর এখন শিক্ষিত ছাড়াও শ্রমিক শ্রেণীর লোকজনকে সংগঠনে নিচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, হিযবুতের শীর্ষ নেতারা গ্রেপ্তার হওয়ায় এখন মাঝারি কয়েকজন নেতা দল চালাচ্ছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৫৪৫ ঘ.