২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিউককে কেনো জামিন দেওয়া হবে না জানতে চেয়েছে আদালত

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে কেনো জামিন দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 08:32 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে কেনো জামিন দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও মো. ফজলুর রহমানের বেঞ্চ আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে এর কারণ জানাতে নির্দেশ দিয়েছে। ডিউকের পক্ষে এ সময় আইনজীবীরা জামিন আবেদন জানালে বেঞ্চ তা নাকচ করে দেয়। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন। গত ২৬ অগাস্ট ডিউককে এ মামলায় গ্রেপ্তার করা হয়। সে সময় তার পক্ষে জামিন আবেদন করা হলে তা নাকচ করেন বিচারক মো. আলী হোসাইন। ওইদিনই ডিউককে চারদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৩১ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়। ২১ সেপ্টেম্বর তাকে আরো দুইদিন হেফাজতে নেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন ডিউকের জামিন আবেদন নাকচ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/১৪২৫ ঘ.