কক্সবাজার, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত সমাধান পেতে যেকোনো অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানোর পক্ষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।
সরকারদলীয় এই সংসদ সদস্য মনে করেন, বাংলাদেশে কোনো ভালো কাজই প্রধানমন্ত্রীর মতো এক নাম্বার ছাড়া হয় না।
শনিবার দুপুরে কক্সবাজারে এক মতবিনিময়ে তিনি বলেন, "তাই যেকোনো অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রীকে পৌঁছাতে পারলে তার সমাধানও দ্রুত পাওয়া যায়।"
যুবলীগ-ছাত্রলীগের 'টেন্ডারবাজি' প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, "কঠিন কথা বলে লাভ নেই, কঠিন শাস্তি দিতে হবে। এদের অপকর্ম আমরা এড়াতে পারি না।"
তিনি মনে করেন, পাবনার ঘটনা সরকারের জন্য অত্যন্ত মানহানিকর।
কক্সবাজার সার্কিট হাউজে সাংবাদিক ইউনিয়নের একটি অংশের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন ওবায়দুল।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল তথ্য অধিকার আইন প্রসঙ্গে বলেন, "এই আইনের সুবিধা ঠিকভাবে পেতে সাংবাদিকদেরই প্রচার চালাতে হবে।"
মন্তব্য করেন, সরকারের একজন উপদেষ্টা তথ্য দেবেন না বলে যে উক্তি করেছেন তা ঠিক হয়নি।
কক্সবাজারে গভীর সমুদ্র বন্দর ও ইকো-ট্যুরিজম হলে জাতীয় আয়ের এক চতুর্থাংশ কক্সবাজার যোগান দেবে বলে মন্ত্যব করেন ওবায়দুল।
সংসদ ও রাজনীতি দুর্বল হয়ে পড়লে জঙ্গিবাদ ও উগ্রবাদ জন্ম নেবে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "আরেকটা ১/১১ নিয়ে আমরা বিচলিত নই। আমি বিশ্বাস করি এটা কোনো দিন হবে না।"
মতবিনিময়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদূত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় যোগ দিতে কক্সবাজার সফর করছেন ওবায়দুল কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৪৪ ঘ.
bdnews24