নাটোর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর পৌর শহরের নীচাবাজারে শুক্রবার বিকালে এক যুবলীগকর্মীকে গুলি করার পর হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
রাতে পৌর কাউন্সিলর আরিফুর রহমানের ফৌজদারী পাড়ায় বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ চার তরুণকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- ফৌজদারী পাড়ার সুমন (২৮), সুমন (২৭), মিলন (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর এলাকার তরিকুল ইসলাম (২৫)।
ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি রাইফেল, একটি পিস্তল ও দুই হাজার এক'শ রাউন্ড গুলি।
পুলিশ জানায়, বিকালে শহরের নীচাবাজারে অজ্ঞাত দুর্বৃত্তরা পলাশ নামের এক যুবলীগকর্মীকে পরপর তিনটি গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়।
মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।
অস্ত্র, গুলি ও আটক চারজনকে নাটোর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পৌর কাউন্সিলর আরিফুর রহমান বলেন, "আটক করা গুলি ও অস্ত্র আমি বৈধভাবে সংরক্ষণ করেছিলাম। আমার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে।"
এছাড়া পলাশকে গুলি করার সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন।
এ ব্যাপারে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সুলতান আব্দুল হামিদ জানান, জেলা প্রশাসন থেকে কোনো ব্যক্তিকে টু টু বোর রাইফেলের লাইসেন্স দেওয়ার সময় তাকে লিখিতভাবে বছরে সর্বোচ্চ একশ' রাউন্ড গুলি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
এছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী এক ব্যক্তি একসঙ্গে কখনো ৫০টির বেশি গুলি কিনতে পারেন না।
অধিক গুলি কেনা ও সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24