রাঙামাটি, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি থেকে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে অপহরণ করার দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার রাতে লংগদু উপজেলা সদরের বড়াদম এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
এরা হলেন- অনিল জ্যোতি চাকমা (৪৯) ও ইন্দু বিকাশ চাকমা (৫৫)। দু'জনেরই বাড়ি বড়াদাম গ্রামে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যরা বাড়ি থেকে তাদের অপহরণ করে বলে ইউপিডিএফ এক বিবৃতিতে দাবি করে।
তবে পিসিজেএসএস এই অভিযোগ অস্বীকার করেছে।
ইউপিডিএফ রাঙামাটি ইউনিটের প্রচার ও প্রকাশনা বিভাগের সাধারণ সম্পাদক সোনামনি চাকমা স্বাক্ষরিত ওই বিবৃতিতে দাবি করা হয়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পিসিজেএসএস-এর সন্তু গ্র"পের সদস্য করুণ চাকমা, বিটু চাকমা ও কল্যাণ চাকমার নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল বড়াদাম গ্রামের বাড়ি থেকে অনিল চাকমা ও ইন্দু বিকাশ চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে পিসিজেএসএস-এর কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা এই অভিযোগ অস্বীকার করে বলেন, লংগদুতে ইউপিডিএফ'র কোনো কার্যক্রম নেই। তাই সেখান থেকে ইউপিডিএফ-এর সদস্য অপহৃত হওয়ার প্রশ্নই আসে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৭ ঘ.
bdnews24