বরিশাল, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারদলীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিকে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা হয়েছে।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এ সংসদ সদস্যের রেজাউল করিম বাদি হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে এ মামলা করেছেন।
কোতয়ালি মডেল থানার ওসি কমলেশ চন্দ্র হালদার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
বুধবার রাতে বরিশাল নগরীর হাসপাতাল রোডে শ্বশুর বাড়ির সামনে ছুরিকাঘাতে আহত হন সংসদ সদস্য মনি।
মামলার এজাহারে বলা হয়েছে, রিয়াজসহ ৪/৫জন ধারালো অস্ত্রধারী হত্যার উদ্দেশ্যে মনির ওপর হামলা চালায়।
তবে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছাপা হয়েছে।
এদিকে মনির ওপর হামলার সঙ্গে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক জড়িত অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে বানারীপাড়া বাস স্ট্যান্ড সড়কে তার নামে করা একটি প্রতিষ্ঠান ভাংচুর করেছে সংসদ সদস্যের সমর্থকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24