২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মিলনের স্ত্রীর আবেদন আইনসঙ্গত নয়'

মহীউদ্দীন খান আলমগীরের নির্বাচনী আসনে (চাঁদপুর-১) আনম এহছানুল হক মিলনকে নির্বাচিত ঘোষণার দাবি আইনসঙ্গত নয় বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহীউদ্দীন খান আলমগীরের নির্বাচনী আসনে (চাঁদপুর-১) আনম এহছানুল হক মিলনকে নির্বাচিত ঘোষণার দাবি আইনসঙ্গত নয় বলে জানিয়েছেন এক নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনে (ইসি) মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবীর এক আবেদনের প্রেক্ষিতে বৃৃহস্পতিবার এ কথা বলেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। ইসির সিদ্ধান্ত মিলনের স্ত্রীকে চিঠির মাধ্যমে জানানো হবে বলে জানান এম সাখাওয়াত। বুধবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) চাঁদপুর-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা করে। বিকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মিলনকে নির্বাচিত ঘোষণার দাবি জানিয়ে লিখিত আবেদন জমা দেন বেবী। বৃহস্পতিবার কমিশন সভায় এ বিষয়টি আলোচনা হয়েছে জানিয়ে সাখাওয়াত সাংবাদিকদের বলেন, "ওই আসনে উপ-নির্বাচন করা ছাড়া কোন বিকল্প নেই। আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হবে।" এতে আগের প্রতিদ্বন্দ্বি মহীউদ্দিন খান আলমগীর ও আনম এহছানুল হক মিলনের প্রার্থী হতে কোনো বাধা নেই বলে জানান তিনি। সাখাওয়াত জানান, চাঁদপুর-১ আসনটি শূন্য ঘোষণা করে বৃহস্পতিবারই গেজেট প্রকাশ হয়েছে। তবে ইসির সিদ্ধান্তের প্রেক্ষিতে গেজেটে ২২ সেপ্টেম্বরের তারিখ থাকায় বুধবার থেকে উপ-নির্বাচন করার দিন গণনা শুরু হয়েছে। স্পিকার বরাবর চিঠি পাঠানো হয়েছে। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে চাঁদপুর-১ উপ নির্বাচন হবে। উপ-নির্বাচনে সেনা মোতায়েন করার কোনো সুযোগ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিদ্যমান সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে আইন-শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় তা নেই। গত উপ-নির্বাচনেও তা সম্ভব হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৩৩ ঘ.