২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুরের বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়েছে

হলফনামায় তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রামের মেয়র এম মনজুর আলমের বিরুদ্ধে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে করা মামলার শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 07:49 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলফনামায় তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রামের মেয়র এম মনজুর আলমের বিরুদ্ধে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে করা মামলার শুনানি পিছিয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক আগামী ৫ অক্টোবর এ মামলায় মনজুরের আবেদনের ওপর শুনানির দিন ঠিক করেছেন। নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের মামলা খারিজ চেয়ে মনজুর গত ১৭ অগাস্ট আদালতে আবেদন করেন। মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনজুর আলমের পক্ষে দাখিল করা দরখাস্তের ওপর বৃহস্পতিবার শুনানি হয়। আমরা এতে আপত্তি জানিয়েছি। আদালত পুনরায় ৫ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করেছেন।" গত ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে সাবেক মেয়র মহিউদ্দিনকে প্রায় ৯৫ হাজার ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত মনজুর। হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে মনজুরের প্রার্থিতা বাতিল চেয়ে গত ১৮ জুলাই মহিউদ্দিনের পক্ষে মামলা দায়ের করেন তার ছেলে চৌধুরী মহিবুল হাসান নওফেল। মামলায় অভিযাগ করা হয়, মনজুর তার মালিকাধীন একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়ের করা মামলায় ১৭ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়ের বিষয়টি হলফনামায় উল্লেখ না করে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। এছাড়াও মনজুরের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানো এবং অর্থ ছড়ানোর অভিযোগও আনা হয় ওই মামলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৪৫ ঘ.