২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসার মামলা হয়নি'

গত ২১ মাসে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটিও রাজনৈতিক হয়রানিমূলক বা প্রতিহিংসামূলক মামলা দায়ের করা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 10:47 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২১ মাসে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটিও রাজনৈতিক হয়রানিমূলক বা প্রতিহিংসামূলক মামলা দায়ের করা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির ২২তম সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, "বর্তমান সরকার গত ২১ মাসে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটিও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়নি। এ ধরনের মামলার একটি নজিরও বিরোধী দল দেখাতে পারবে না। অথচ গত ২০০১ থেকে '০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।" প্রতিমন্ত্রী বলেন, "বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে। ওই সময়ে কোন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি। তিনি বলেন, "গত আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোন দুর্নীতি হয়নি। পরে বিএনপি জোট সরকারও এসে আওয়ামী লীগের কারো বিরুদ্ধে কোন মামলা করতে পারেনি। জোট সরকারের সময়ে দেশে ব্যাপক লুটপাট ও দুর্নীতি হয়েছে।" কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ভারসাম্য সৃষ্টির জন্য দু'দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলো ঠিক ছিল। প্রতিহিংসামূলকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ঠিক ছিল না", তিনি বলেন। বিভিন্ন সরকারের সময় হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করে মামলা প্রত্যাহারের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রসঙ্গে শামসুল হক টুকু বলেন, "আমরা আশা করবো ভবিষ্যতে যেন আর কোন সরকার এ ধরণের হয়রানিমূলক মামলা দায়ের না করে।" হয়রানিমূলক মামলা দায়ের বা গ্রহণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "জনগণই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নির্বাচনের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করেছে। ফলে আমরা হয়রানির শিকার নেতাকর্মীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছি। এ ব্যাপারে আমাদের আর কি করার আছে।" হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "সরকার বিভিন্ন মামলা প্রত্যাহারের সুপারিশ করছে মাত্র। আদালত বা দুদককে এসব মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি করছে না। সরকারের এই সুপারিশের ব্যাপারে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে।" মামলা প্রত্যাহার প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটি এ পর্যন্ত নয় হাজার ৩৯৪ টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। এরমধ্যে বাংলাদেশ দণ্ডবিধির ছয় হাজার ১০৭টি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ২৮৭টি মামলা রয়েছে। প্রত্যাহারের সুপারিশের ব্যাপারে বিবেচনার জন্য বর্তমানে সরকারের কাছে ৩৮৫ টি মামলা অবশিষ্ট রয়েছে। এরমধ্যে দণ্ডবিধির ৩৪৬টি এবং দুদকের ৩৯টি মামলা রয়েছে। সর্বশেষ সোমবারের সভায় ১৭৩টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এরমধ্যে ১৬৬টি দণ্ডবিধির এবং সাতটি দুদকের মামলা। এদিন ২৩৬ মামলা প্রত্যাহারের সুপারিশ নাকচ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৪৬ ঘ.