২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলকে ছাড়াই বসছে সংসদ

প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে সোমবার বিকালে বসছে নবম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 03:52 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে সোমবার বিকালে বসছে নবম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। বিকাল ৪টায় শুরু হতে যাওয়া আজকের অধিবেশনে 'বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০' সহ পাঁচটি বিল উত্থাপন করা হবে। সংসদের এ অধিবেশন আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে। অধিবেশনের প্রথম দিন বিএনপি যোগ দিচ্ছে না। অধিবেশনে যোগ দেওয়া না-দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে তার সভাপতিত্বে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সংসদে যেতে চাই। এর আগে সংসদে পরিবেশ সৃষ্টি করতে হবে। এখনও সেই পরিবেশ সৃষ্টি করা হয়নি। "এই অধিবেশনে যাওয়া না-যাওয়ার বিষয়টি মঙ্গলবার স্থায়ী বৈঠকে সিদ্ধান্ত হবে। তাই আজ (সোমবার) অধিবেশনে যাওয়ার সুযোগ নেই।" সোমবার সংসদের কার্যসূচির মধ্যে আছে- সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব গ্রহণ এবং প্রশ্নোত্তর পর্ব। এছাড়া রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল-২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধনী ) বিল- ২০১০ ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল-২০১০ সম্পর্কে স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। আইন প্রণয়ন কার্যাবলীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল-২০১০, পরিবেশ আদালত বিল-২০১০, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিল-২০১০ সংসদের এ অধিবেশনে উত্থাপিত হতে পারে। নবম সংসদের পঞ্চম ও দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হয় গত ২২ জুলাই। বিরোধী দল ওই অধিবেশনের প্রথম দিন (২ জুন) কিছু সময়ের জন্য অংশ নিয়ে ওয়াকআউট করেছিলো। তারপর তারা আর সংসদে ফিরে যায়নি। এর আগে দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে টানা অনুপস্থিত ছিলো বিএনপি। চতুর্থ অধিবেশনে বেশ কিছু দিন অংশ নিয়ে পরে আর সংসদে ফিরে আসেনি তারা। সংসদের আইন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে- নবম সংসদের পঞ্চম অধিবেশন পর্যন্ত মোট কার্যদিবস ছিলো ১৫৮ দিন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এর মধ্যে উপস্থিত ছিলেন মাত্র পাঁচ দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/০৯৫১ ঘ.