বগুড়া, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় শ্রমিকলীগ নেতা হত্যার ঘটনায় শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জামিলুর রহমান শুভসহ ছয় জনকে আসামি করে মামলা হয়েছে।
রোববার বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত শ্রমিক নেতা হাসানুজ্জামান নাসিমের বড় ভাই ইফতেখারুল আলম।
মামলার অপর আসামিরা হলেন-পুশকিন, পিন্টু, জুয়েল, মতিন ও সুমন। এছাড়া অজ্ঞাত আরো ২/৩ জনকেও আসামি করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার সকালে পুলিশ মেহেদী হাসান বাবর ও সুলতান নামের দু'জনকে আটক করেছে।
গত শুক্রবার রাত ২টায় জেলা শহরের নারুলী বাজার এলাকায় ২০ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হাসানুজ্জামান নাসিম ও নির্বাহী সদস্য ইসরাফিল হোসেন রঞ্জুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
বগুড়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি সার্কেল) আরিফুর রহমান বলেন, ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল এই হত্যাকাণ্ডের জন্য স্বেচ্ছাসেবক লীগ ও বিএনপিকে দায়ী করেন।
এ হত্যাকাণ্ডে অন্যান্যের মধ্যে শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জামিলুর রহমান শুভ জড়িত বলেও তিনি দাবি করেন।
তবে জামিলুর রহমান শুভ শহর স্বেচ্ছাসেবক লীগ কমিটির কেউ না বলে দাবি করেন ওই কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১৯ ঘ.
bdnews24