নেত্রকোনা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সদস্যকে হত্যার অভিযোগে আট জনকে আসামি করে মামলা হয়েছে।
নিহত মইনুল হাসান কল্লোলের স্ত্রী সুরমা আক্তার মুক্তা রোববার মামলাটি করেন।
তিনি সাংবাদিকদের বলেন, "ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও স্থানীয় থানা পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে প্রভাবশালী আসামিরা মামলা ওঠিয়ে নেওয়ার জন্য সাক্ষীদেরও মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে।"
মামলার আসামিদের মধ্যে রয়েছেন, উপজেলার বানিহারী গ্রামের আব্দুস সালাম, আব্দুল মমিন ও রাব্বী মিয়া প্রমুখ।
মোহনগঞ্জ থানার ওসি মো. শেখ সালাউদ্দিন বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ।
গত মঙ্গলবার রাতে কল্লোলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
মোহনগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে রোববার উপজেলা দলীয় কার্যালয় থেকে কল্লোল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এক শোক শোভাযাত্রা ও সভা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৩৬ ঘ.
bdnews24