ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলকে সংসদের আসন্ন অধিবেশনে যোগদানের আহ্বান জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
বিরোধী দল সংসদে ফিরে এলে তিনি নিরপেক্ষ ভূমিকা পালনেরও আশ্বাস দিয়েছেন।
শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দারিদ্র-বিরোধী জনসমাবেশে সভাপতির বক্তব্যে স্পিকার এই আহবান জানান।
জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্র"প (এপিপিজি) এবং দারিদ্র বিরোধী ক্যাম্পেইন জাতীয় কমিটি এ সমাবেশের আয়োজন করে।
স্পিকার বলেন, "সংসদীয় গণতন্ত্র কার্যকর ও শক্তিশালী করা গেলে জাতীয় উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি অর্জন সম্ভব হবে। এক্ষেত্রে সংসদে সরকারি ও বিরোধী দলের দৃঢ় ঐকমত্য ছাড়া আমরা যে শুধু পিছিয়ে যাবো তা নয়, বিশাল দরিদ্র জনগোষ্ঠীর এই দেশ নানাভাবে বিপন্ন হবে।
"স্বাধীনতার পর থেকে দেশে দারিদ্র্য বিমোচনে অনেক কাজ হলেও দারিদ্র্য ঘোচেনি। কারণ আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে যথাযথভাবে লালনে ব্যর্থ হয়েছি। পাশাপাশি জাতীয় অগ্রাধিকারগুলোতে আমরা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে এগুতে পারিনি।"
সরকার ও বিরোধী দলের নেতাদের অংশগ্রহণে দারিদ্র বিরোধী এ সমাবেশ স্মরণীয় হয়ে থাকবে আশা প্রকাশ করে আবদুল হামিদ বলেন, দেশবাসী নিঃসন্দেহে এমন মুহূর্তের অপেক্ষায় থাকে। এদেশের প্রায় সব বড় অর্জন ও সাফল্য প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠা বৃহৎ রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে।
স্পিকার আরো বলেন, গণতন্ত্র কেবল কিছু ভালো আইনকানুন আর প্রতিষ্ঠানিক কাঠামোর মধ্যে বিকশিত হতে পারে না। পরমত সহিষ্ণুতা, পারস্পরিক সহযোগিতা,সংলাপ-বির্তক এসবের মধ্য দিয়েই গণতন্ত্র বিকশিত হয়। চূড়ান্ত বিচারে তাই গণতন্ত্র আইন নয়, বরং মূল্যবোধ নির্ভর।
আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যসমূহ (এমডিজি) অর্জনের অগ্রগতি পর্যালোচনায় জাতিসংঘ বিশেষ সম্মেলন আহ্বান করেছে।
২০০৯ সালে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম এবং এমডিজি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের সাড়ে ছয় কোটি মানুষের প্রচেষ্টা এ সম্মেলনে বিশ্বের অন্য দেশকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে বলে স্পিকার মনে করেন।
বক্তব্য শেষে তিনি সমাবেশে উপস্থিত সবাইকে 'জাতীয় ঐক্য রুখবে দারিদ্র্য' এই শপথবাক্য পাঠ করান।
জনসমাবেশে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দারিদ্র্য ও জঙ্গীবাদ থেকে বের হতে হলে সরকার ও বিরোধী দলকে একযোগে কাজ করতে হবে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ দেশে নারীর ক্ষমতায়ন বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার বলেন, বিশ্বের অন্য দেশের মতো দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ জাতিসংঘ ঘোষিত আটটি লক্ষ্য পূরণে কাজ করছে। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ চার-পাঁচটি লক্ষ্য পূরণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশে প্রতিবছর এক শতাংশ কৃষি জমি হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা থেকে বের হতে না পারলে দারিদ্র্য কমবে না।
এপিপিজি'র শিক্ষা সম্পর্কিত কমিটির চেয়ারপারসন এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক দাবি করেন, দারিদ্র্য বিমোচনে জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী স্পিকারের নেওয়া কর্মসূচির সঙ্গে বিরোধী দল একমত পোষণ করে কাজ করে যাচ্ছে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সংসদ কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে দেশ থেকে দারিদ্র্যও দূর হবে।
সমাবেশে আরো বক্তব্য দেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্পিকার মুহম্মদ জমির উদ্দিন সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সানজিদা খানম, মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
সমাবেশ শেষে শিল্পী ফরিদা পারভীন, কুদ্দুস বয়াতী এবং মমতাজ বেগম সঙ্গীত পরিবেশন করেন।
জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন বসছে সোমবার। পঞ্চম অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জাতীয় বাজেট উপস্থাপনের আগে ২ জুন ২৫ মিনিটের জন্য বিএনপি সংসদে যায়। এরপর থেকে তারা সংসদ অধিবেশনে আর যোগ দেয়নি। বাজেট অধিবেশন শেষ হয়েছে ২২ জুলাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসএম/এইচএ/১৯১৫ ঘ.
bdnews24