খুলনা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিরোজ হোসেন নামে এক সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়েছেন এক সাংবাদিক। সরকারদলীয় এক স্থানীয় নেতা ফিরোজকে যুবলীগকর্মী বললেও তা অস্বীকার করেছে দলটি।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ফিরোজ ও তার সহযোগীরা ইংরেজি দৈনিক নিউ এইজের খুলনা প্রতিনিধি তাপস কান্তি দাসের ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত তাপসকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই খুলনা প্রেসক্লাবে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।
এরপর তারা খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. হেলাল উদ্দিন বদরীর সঙ্গে দেখা করে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হামলার ঘটনায় সন্ধ্যায় খুলনা সদর থানায় মামলা হয়েছে। খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস জানান, ফিরোজের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদকব্যবসার একাধিক অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক তাপস কান্তি দাস ও আমিরুল ইসলাম খুলনা প্রেসক্লাবের পাশে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এসময় ফিরোজ এক বৃদ্ধ রিক্সাচালককে জোর করে তার গন্তব্য নিয়ে যেতে চান। রিক্সাচালক যেতে অপারগতা প্রকাশ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ফিরোজ।
এসময় সাংবাদিক তাপস রিক্সা চালকের কাছে ঘটনাটি জানতে চান। এতে ক্ষুব্ধ হয়ে ফিরোজ ও তার সঙ্গে থাকা পাঁচ-ছয়জন কাঠ দিয়ে তাপসকে এলোপাতাড়ি পেটায়। এ সময় সহকর্মী সাংবাদিক আমিরুল ইসলাম তাপসকে রক্ষা করতে গেলে তাকেও পেটায় সন্ত্রাসীরা।
হামলাকারী ফিরোজ নগর যুবলীগের সদস্য বলে জানান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
তবে খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু বলেন, "ফিরোজ যুবলীগের সঙ্গে জড়িত নয়। তিনি যুবলীগের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে বেড়ান।"
তার বিরুদ্ধে শাস্তিমূূলক ব্যবস্থা নেয়ারও দাবি জানান আনিসুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৩০ ঘ.
bdnews24