ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
বৃহষ্পতিবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তার আইনজীবীরা জামিন আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন সে আবেদন নাকচ করে দেন।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় গত ২৬ অগাস্ট ডিউককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চার দিনের হেফাজতে (রিমাণ্ড) নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গত ৩১ অগাস্ট আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
রিমান্ড ফেরতের প্রতিবেদনে বলা হয়, ২১ অগাস্ট গ্রেনেড হামলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা সম্পর্কে ডিউক নতুন তথ্য দিয়েছে, যা যাচাই বাছাই করা হচ্ছে।
প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দ উল্লেখ করেন, মাওলানা তাজউদ্দিনকে পাকিস্তানে পালাতে সাহায্য করেছিলেন ডিউক। তাকে জিজ্ঞাসাবাদ করে সে সম্পর্কে বিভিন্ন তথ্যও পাওয়া গেছে।
এর আগে হেফাজতের আবেদনে বলা হয়েছিল, লে. কমান্ডার সাইফুল ইসলাম ডিউক (৪৯) এ মামলার অন্যতম আসামি মাওলানা তাজউদ্দিনকে পাকিস্তানে পালাতে সাহায্য করেন। তাছাড়া এ মামলার বিদেশে পলাতক আসামিদের সঙ্গে তার ঘনিষ্ট যোগাযোগ রয়েছে।
মামলা দুটির অধিকতর তদন্তকালে গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তার আসামিরা বিভিন্ন সময়ে দেওয়া জবানবন্দিতে ডিউকের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন।
এতে আরো বলা হয়, ২০০৪ সালের ২১ অগাস্ট তারিখে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ব্যবহৃত গ্রেনেড সংগ্রহ, সরবরাহ, মদদ দান সম্পর্কে আরো তথ্য, অপর সংশ্লিষ্টদের নাম ঠিকানা উদ্ধারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এইচএ/১৭৪০ ঘ.
bdnews24