ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে সরাইল উপজেলা বিএনপির দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।
আহতদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা জানান, রোববার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুর রহমান সরাইল বিকাল বাজারে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় তার রাজনৈতিক প্রতিপক্ষ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার মাষ্টারের সমর্থকদের সাথে তার কথা কাটাকাটি হয়।
এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ ঘটনায় ১০ জন আহত হয়। তাদের পরিচয় জানা যায়নি।
ওসি জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ৫ রাউন্ড কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ ও ১৩ রাউন্ড গুলিবর্ষণ করে।
সংঘর্ষের সময় বিকাল বাজারে সব দোকান বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকাল বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬১৯ ঘ.
bdnews24