ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার কারামুক্তির দ্বিতীয় বার্ষিকী শনিবার ১১ সেপ্টেম্বর।
দিবসটি উপলক্ষে দলীয় কর্মসূচি কথা জানালেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে তিনি এই কর্মসূচির কথা জানান।
কর্মসূচির মধ্যে আছে- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা।
রিজভী বলেন, "নেত্রীর কারামুক্তি দিবসটি পালনে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। ছাপানো হয়েছে রঙিন পোষ্টার। কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা ও জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ কর্মসূচি পালন হবে। ১১ সেপ্টেম্বর ঈদের দিন হওয়ায় এসব কর্মসূচি ঈদের জামাতের পরে পালন করা হবে।"
২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারা অন্তরীন রাখা হয়। পরের বছর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি মুক্তি পান।
রুহুল কবির রিজভী বলেন, "এ দেশকে তাবেদার বানানোর অংশ হিসেবে ১/১১ এর পরে জাতীয়তাবাদী নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে কারা অন্তরীন করা হয়েছিলো। উদ্দেশ্য একটাই ছিলো- যাতে এদেশে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে।"
দ্বিতীয় কারা মুক্তি দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে তিনি বলেন, "আমরা আশাবাদী যে, আমাদের নেত্রী দেশের গণতন্ত্র রক্ষায় আগামী দিনে জনগনকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেবেন।"
ওমরাহ হজ পালন শেষে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বৃহস্পতিবার দেশে ফেরেন। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানাতে যাওয়া দলীয় জ্যেষ্ঠ নেতা, সাবেক মন্ত্রী ও সাংসদদের ভিআইপি লাউঞ্জে প্রবেশে বাধা প্রদান ও নিরাপত্তা কর্মীদের আচরণে ক্ষোভ ও নিন্দা জানান রিজভী।
তিনি বলেন, "সাবেক মন্ত্রী এবং জাতীয় সংসদের সদস্যদের ভিআইপি লাউঞ্জে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।"
তিনি জানান, দলের চেয়ারপার্সন শনিবার ঈদের দিন ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত কুটনীতিক এবং পরে বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সংবাদ ব্রিফিঙে অন্যদের মধ্যে সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫০৭ ঘ.
bdnews24