২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিডম পার্টির ২২ নেতা কর্মীর সশ্রম কারাদণ্ড

২০ বছরের বেশি সময় আগের একটি অস্ত্র মামলায় ফ্রিডম পার্টির ২২ নেতা-কর্মীকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 09:16 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০ বছরের বেশি সময় আগের একটি অস্ত্র মামলায় ফ্রিডম পার্টির ২২ নেতা-কর্মীকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ১৯৯০ সালের ১১ ফেব্র"য়ারি ময়মনসিংহ শহরের পূরবী সিনেমা হলের সামনে গুলি করে হত্যার ঘটনায় দায়ের মামলায় সোমবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল ইসলাম এ রায় দেন। রায় দেওয়ার সময় গ্রেপ্তারকৃত একমাত্র আসামি অবসরপ্রাপ্ত মেজর জয়নাল আবেদিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি ২১ আসামি পলাতক রয়েছে। মামলার নথিপত্র এবং রায়ের বিবরণ থেকে জানা যায়, ১৯৯০ সালের ১১ ফেব্র"য়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফ্রিডম পার্টির অস্ত্রধারী ৪০ নেতাকর্মী পূরবী সিনেমা হলের কাছে চা খেতে যায়। এ সময় সাধারণ পোশাকে অস্ত্রধারী এসব লোক দেখে উৎসুক স্থানীয় লোকজন সমবেত হয় সেখানে। এ সময় আসমিদের মধ্যে থেকে ওই সব লোকজনের ওপরে গুলি চালানো হলে ঘটনাস্থলে হারুনুর রশিদ নামে একজন মারা যান। এছাড়া বেশ কিছু লোক আহত হয়। ময়মনসিংহ কোতয়ালী থানায় এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা হয়। হত্যা মামলাটি একই আদালতে বিচারাধীন রয়েছে। অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নূরুল আমিন। মামলার ২৩ আসামির মধ্যে ফ্রিডম পার্টির ভাইস চেয়ারম্যান মেজর বজলুল হুদাও ছিলেন। তবে বঙ্গবন্ধু হত্যা মামলায় ইতিমধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তার ব্যাপারে কোনো রায় দেয়নি আদালত। বিচার চলাকালীন ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন এ আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মো. রফিকুল ইসলাম। আসামি জয়নাল আবেদিনের আইনজীবী আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০০৯ সালের ২৫ ডিসেম্বর বজলুল হুদাসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের করা অন্য একটি হত্যা মামলাসহ আরেকটি মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেয় ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/আরএ/১৫১০ ঘ.