২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: সাহারা

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার বানচালে ষড়যন্ত্র চলছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 07:18 AM

Updated : 25 Aug 2022, 06:35 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার বানচালে ষড়যন্ত্র চলছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে। রোববার চাঁদপুরে নতুন কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাহারা বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রধান প্রসিকিউটর ও প্রধান বিচারপতিকে হুমকি দেওয়া হয়। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।" "জনগণ পাশে থাকলে কোনো ষড়যন্ত্রেই কিছু হবে না", বলেন তিনি। চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সাড়ে ৯ একর জায়গার ওপর নতুন কারাগার নির্মাণ করা হয়েছে। ২০০ বন্দি ধারণ ক্ষমতার এই কারাগারের কাজ ১৯৯৭ সালে শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার তিন গুণ বন্দি রয়েছে। তিনি বলেন, কারাগারে আবাসন, জনবলসহ নানা সমস্যা রয়েছে। কারাগারের সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইতিমধ্যে ১শ' ভাগ রেশন নিশ্চিত করা হয়েছে। তাদের ঝুঁকির ভাতা প্রদানেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, টেন্ডারবাজদের চিরতরে নির্মুল করতে হবে। এজন্য সবার সহযোগিতা চান তিনি। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার মুহম্মদ শহীদুল্যাহ চৌধুরী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র নাসির পরে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে যোগ দেন। নবনির্মিত কারাগারে সাজাপ্রাপ্তদের জন্য একটি ভবন, বিচারাধীন মামলার আসামিদের জন্য দুটি ভবন, শিশুদের জন্য একটি এবং নারীদের জন্য একটি ভবন রয়েছে। সব কয়েদির চিকিৎসার জন্য একটি হাসপাতালও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.