চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিতে যারা ষড়যন্ত্র করছে তাদর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণাত্মক হতে বলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন অ্যাডভোকেট শামসুল হক টুকু।
"যুদ্ধাপরাধীরা নিজেদের বাঁচাতে যেকোনো সময় দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করতে পারে," জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণাত্মক ভূমিকা নিয়ে এই পরিকল্পনা রুখে দিতে হবে।"
বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে ধর্মীয় সাংঘর্ষিক রাজনীতির সূচনা করা হয়ে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, "অতীতের এই ক্ষমতাসীনরাই জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে। তারা এখনো রাজনৈতিক অঙ্গনে আছে। তারা আবারো জঙ্গিবাদকে প্রশ্রয় দিতে পারে।"
সভায় বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম, মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন, র্যাবের মেজর আব্দুস সামাদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৮ মাসে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে দাবি করে শামসুল হক বলেন, "নগরবাসীর সঙ্গে আলাপে জেনেছি দুয়েকটি ছিনতাইয়ের ঘটনা ছাড়া চট্টগ্রামের পরিস্থিতি ভালো।"
এর আগে আগামী ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরেকটি সভা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/পিডি/১৯৪১ ঘ.
bdnews24