ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার।
এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।
ভোরে রাজধানীসহ সারাদেশে দলের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
বেলা ১১টায় রাজধানীর শের-ই-বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি রয়েছে। এতে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
অবশ্য প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার বিএনপির দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার এক বিবৃতিতে জেলা-উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্টের পটপরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান।
এর আগে সে বছরের ফেব্র"য়ারি মাসে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়। পরে তা বিএনপিতে বিলুপ্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/০৯২৬ ঘ.
bdnews24