ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার।
এ উপলক্ষে দলটির দু'দিনের কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সামরিক শাসক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান।
এর আগে ওই বছরের ফেব্র"য়ারি মাসে তার পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থী দল গঠিত হয়। পরে তা বিএনপিতে বিলুপ্ত হয়।
দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে রয়েছে, বুধবার ভোরে দলের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ১১টায় শের-ই-বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা জিয়ার কবরে ফুল দেবেন।
বিএনপি ছাড়াও এর অঙ্গসংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।
খোন্দকার দেলোয়ার এক বিবৃতিতে জেলা-উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২৩০০ ঘ.
bdnews24