কুমিল্লা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা দাবি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে কুমিল্লায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার কুমিল্লার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামসুল হক মাস্টার।
আদালত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চান্দিনা থানাকে নির্দেশ দেন।
মামলার অসামিরা হলেন- মহিচাইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু মুছা মজুমদার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা জামশেদ, মো. জাকির, মো. সোহাগ, মোশারফ হোসেন ভূইয়া ও মো. মানিক।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ অগাস্ট ভিজিডি কার্ডধারীদের মধ্যে গম বিতরণের সময় অসামিরা পরস্পর যোগসাজেশে চেয়ারম্যান মো. শামসুল হক মাস্টারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে আসামিরা তাকে মারধর করেন। এছাড়া নগদ পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৪ ঘ.
bdnews24