২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ৮ জেএমবি জঙ্গির সাজা

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর বিভাগীয় কমান্ডারসহ আট সদস্যকে সাজা ও অর্থদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

নীলফামারী, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর বিভাগীয় কমান্ডারসহ আট সদস্যকে সাজা ও অর্থদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত। এর মধ্যে অস্ত্র মামলায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্ফোরক মামলা প্রত্যেককে ২০ বছর কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে নীলফামারীর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ মিয়া এ রায় দেন। এ সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো। সাজাপ্রাপ্তরা হলেন- জেএমবির রংপুর বিভাগীয় কমান্ডার বগুড়ার গাবতলী উপজেলার চকযাদু গ্রামের আব্দুর রশিদ ওরফে আসিফ (২২), জেলা কমান্ডার ঠাকুরগাঁওয়ের রানী শংকৈল উপজেলার ধর্মগড় গ্রামের অহিদুল ইসলাম ওরফে সায়েম ওরফে আল মামুন (২৪), রংপুর জেলা কমান্ডার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কাশোয়া গ্রামের মনিরুজ্জামান ওরফে ইকবাল ওরফে সেলিম (২৫), কুড়িগ্রাম জেলা কমান্ডার দিনাজপুর বীরগঞ্জের প্রাণনগর গ্রামের আবু বক্কর সিদ্দিক ওরফে নাহিদ (২১), এহসার সদস্য দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার ছোট সুলতানপুর গ্রামের এহসানুল হক ওরফে মেজবা (১৮), নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের রবিউল ইসলাম ওরফে কামাল হোসেন (১৭), একই এলাকার ফারুক হোসেন ওরফে আমজাদ (৩২) ও লালমনিরহাটের কালোমাটি গ্রামের সাহাবুদ্দীন ওরফে আহমেদ মুশা (১৯)। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ৬ ফেব্র"য়ারি নীলফামারীর সৈয়দপুর সদরের রেলগেট এলাকা থেকে অহিদুল ইসলাম ওরফে সায়েম ওরফে আল মামুন, রবিউল ইসলাম ওরফে কামাল হোসেন ও ফারুক হোসেন ওরফে আমজাদকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সৈয়দপুরের বিভিন্ন এলাকা থেকে অন্যান্যদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দু'টি দেশি পাইপ গান, ৮০টি ডেটোনেটর, ৪ প্যাকেট পাওয়ার জেল, ১২টি ইলেকট্রনিক সার্কিট বোর্ড, ব্যাটারি ও রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সৈয়দপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। পরে র‌্যাব-১০ এর উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম দু'টি মামলায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মন্টু চন্দ্র সরকার। আসামি পক্ষে ছিলেন মাহবুবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪১ ঘ.