২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা

সম্পত্তির বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 07:52 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মো. শামসুল ইসলাম রোববার সকালে রমনা থানায় মামলাটি দায়ের করেছেন। থানার ওসি শিবলি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দুর্নীতি দমন আইন-২০০৯ এর ২৬ (২) ধারায় সম্পতির বিবরণী দাখিল না করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বাদী শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ৪ সেপ্টেম্বর সারিকা সাদেককে তার সম্পদের বিবরণী জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সাত কর্মদিবসের মধ্যে তার সম্পদের বিবরণী জমা দেওয়ার কথা। তবে সারিকা সাদেক তা না দিয়ে হাইকোর্টে একটি রিট করেন। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নোটিশটির ওপর স্থগিতাদেশ দেয়। গত এপ্রিলে ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়েছে। তারপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, সারিকার বর্তমান ঠিকানা ৬/২/এ- সেগুনবাগিচা। এ বাড়িতে তিনি স্বামী আহমেদ ইফতিখারের সঙ্গে গৃহবধূ হিসেবে থাকেন। দুদক কর্মকর্তা শামসুল বলেন, "সারিকা সাদেকের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচুর স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে যা উপার্জনের বৈধ ঊৎস নেই। এ কারণে তাকে নোটিশটি ইস্যু করা হয়েছিলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/১৩৫০ ঘ.