ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )-বিরোধী দলকে নির্মূলের চক্রান্ত চলছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
খোন্দকার দেলোয়ার বলেন, "বিরোধী দল যেনো প্রতিবাদ করতে না পারে সেজন্য সরকার মিথ্যা মামলা ও দমননীতির পথ অনুসরণ করছে। তারা বিরোধী দলকে নির্মূল করার চক্রান্তে লিপ্ত হয়েছে।"
তার অভিযোগ, সরকারি দলের লোকজনকে খুনের মামলা থেকে রেহাই দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকারের অগণতান্ত্রিক মনোভাব প্রমাণিত হয়েছে। ২০ মাসে সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৬ হাজার মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অথচ বিরোধী দলের কোনো মামলাই প্রত্যাহার করা হয়নি।"
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বন্দি নেতাদের অবিলম্বে মুক্তির দাবিও জানান দেলোয়ার।
২০০১ সালে মালিবাগে চার খুনের মামলায় আওয়ামী লীগ নেতা এইচ বি এম ইকবাল ও ভোলা-৩ আসনের নবনির্বাচিত সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৪ আসামিকে বৃহস্পতিবার খালাস দেওয়ার বিষয়ে দেলোয়ার ক্ষোভের সঙ্গে বলেন, "একদিকে এভাবে খুনের মামলা থেকে খুনিদের সরকার ছাড়িয়ে নিচ্ছে। অন্যদিকে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের কারাগারে বন্দি করছে।"
মির্জা আব্বাসের বিরুদ্ধে আরেকটি মামলা দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন,"যথা সময়ে হাইকোর্টের জামিন আদেশসহ সংশ্লিষ্ট কাগজপত্র কারাগারে পৌঁছানোর পরও আব্বাসকে মুক্তি না দিয়ে সরকার আদালতের রায়কে অমান্য করেছে। একই সঙ্গে আরেকটি মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটাই হচ্ছে সরকারের হয়রানিমূলক মামলা দেওয়ার প্রমাণ।''
সরকারকে দমননীতির পথ পরিহার করার আহবানও জানান তিনি।
২১ অগাস্ট ঘটনার সুষ্ঠু তদন্ত না করে সরকার একে রাজনীতিকরণ করছে বলেও অভিযোগ করেন দেলোয়ার।
তিনি বলেন, "বিএনপি ২১ অগাস্টের গ্রেনেড হামলার সুষ্ঠু বিচার চায়। কিন্তু যেভাবে তদন্তকারী কর্মকর্তা খালেদা জিয়ার পরিবারকে জড়িয়ে গ্রেপ্তার করছে, তাতে ধারণা করা হচ্ছে- সরকার এই মামলাটিকে রাজনীতিকীকরণ করছে। তারা একতরফাভাবে গোল দিতে নানা কৌশল নিচ্ছে।"
দ্রব্যমূল্য পরিস্থিতি, আইনশৃঙ্খলাসহ সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনাও করেন খোন্দকার দেলোয়ার।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, দলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা আইনজীবি সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়াসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৭৩৭ ঘ.
bdnews24