নারায়ণগঞ্জ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জোট সরকারের সময় সংবিধানের পঞ্চম সংশোধনীর নিষ্পত্তি না করায় বিএনপিকে মাসুল দিতে হচ্ছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মেদ চুনকা পৌর মিলনায়তনে এক শোকসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "সংবিধানের পঞ্চম সংশোধনীর রায় ঘোষণা হয়েছিল চারদলীয় জোট সরকারের সময়। ১৪ মাস ক্ষমতায় থাকলেও সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়টি বিএনপি সরকার নিষ্পত্তি না করায় আজ বিএনপিকেই এর মাসুল দিতে হচ্ছে।"
২১ অগাস্ট গ্রেনেড হামলায় দেশি-বিদেশি চক্র জড়িত অভিযোগ করে তিনি বলেন, "শুধু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই বিএনপিকে ঘায়েলের চেষ্টা করা হচ্ছে।"
তিনি যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে বলেন, মানবতাবিরোধীদের বিচার করতে হলে একাত্তর থেকে আজ পর্যন্ত সব ঘটনার বিচার করতে হবে।
বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য আতাহার হোসেন সামসুর স্মরণে আয়োজিত শোকসভা কমিটির আহবায়ক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, বিএনপি নেতা খন্দকার আবু জাফর, আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, যুবদলের সাধারণ সম্পাদক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।
২০০৫ সালের ২৯ আগস্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। পরে গত ২৭ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় বহাল রেখে রায় দেয়।
সামরিক সরকারকে বৈধতা দিয়ে ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনে হাইকোর্ট ওই রায় দিয়েছিলো।
হাইকোর্টের ওই রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়।
তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দেয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলেও হাইকোর্টের ওই রায়ে অভিমত দেওয়া হয়।
রায় স্থগিতে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আবেদন করলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার সে আবেদন প্রত্যাহার করে নেয়।
এরপর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবী আপিলের আবেদন করেন।
গত ২ ফেব্র"য়ারি এই আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/২০২৭ ঘ.
bdnews24